সাগর উত্তাল কমেছে এলএনজি সরবরাহ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:১৩ এএম

উত্তাল সাগরে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে ভিড়তে পারছে না জাহাজ। ফলে এলএনজির সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছে পেট্রোবাংলা। গত সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) সরবরাহ কমে যেতে পারে। এতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি চট্টগ্রাম কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, সাগর উত্তাল রয়েছে। আমরা সোমবার বিকেল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চারবার চেষ্টা করেছি। কিন্তু নতুন কার্গো থেকে এলএনজি খালাস করা সম্ভব হয়নি। বুধবার ভোর ৫টায় নতুন করে আবারও চেষ্টা করা হবে। তিনি বলেন, সাগর শান্ত হলে এ সমস্যা কেটে যাবে। এরপরও আমরা চেষ্টা করছি। এই প্রতিবেদন লেখার সময় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রিডে এলএনজি থেকে ৭৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি কার্গো খালাসে বিলম্ব হওয়ায় সরবরাহে এ ঘাটতি সৃষ্টি হয়েছে। ফলে আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

প্রতিদিন এমনিতে চাহিদার তুলনায় ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কম রয়েছে। এর ওপর নতুন এ সংকটে গ্যাসের চাপ আরও কমবে। এখন গড়ে প্রতিদিন ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্যে ১ হাজার মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজিকে গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা হয়। বাকি ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসে দেশীয় উৎস থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত