খামেনির বিদায় অনুষ্ঠান চলাকালেই ইরানে আঘাত হানল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই দেশটিতে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানে নতুন দফায় সামরিক হামলা চালিয়ে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন সামরিক বাহিনী।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মার্কিন এই হামলায় সিরিক এলাকায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় মিনাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সিরিকের মাছ ধরা এবং বাণিজ্যিক জেটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে বিপজ্জনক হামলা চালায়। এই ঘটনাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মার্কিন বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাব দিতেই তাদের বিভিন্ন অবকাঠামোতে এই পাল্টা আঘাত করা হচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য ইরানের সর্বোচ্চ ক্ষতি সাধন করা।

এদিকে এই চরম উত্তেজনার মধ্যেই বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। কফিনগুলো সেখানে নিয়ে যাওয়ার পর লাখো ইরাকি নাগরিক এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকরণীয় নেতা ছিলেন। খামেনির জানাজা উপলক্ষে বুধবার ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত