বেলুচিস্তানে জঙ্গি হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম

পাকিস্তানের বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, প্রদেশের জিয়ারাত জেলার একটি বাঁধ প্রকল্পের কাছে অবস্থিত পুলিশের চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটেছে। জিয়ারত জেলার ডেপুটি কমিশনার আবদুল কুদ্দুস আসাকজাই নিশ্চিত করেছেন, নির্মাণাধীন মাঙ্গি বাঁধ এলাকায় গত সোমবার এ হামলা হয়েছে।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্ড জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকটি থানার জ্যেষ্ঠ কর্মকর্তারা আছেন। বিবৃতিতে তিনি বলেন, হামলার পর যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এতে ফিতনা আল খাওয়ারিজের ১৫ সদস্য নিহত হয়। এই যৌথ অভিযানে আধা-সামরিক, পুলিশ ও জঙ্গি দমন বাহিনীর সদস্যরা অংশ নেন বলে জানান তিনি।

পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান সংগঠনের সদস্যদের কথা উল্লেখ করার সময় সরকারি পরিভাষায় ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করা হয়। মাঙ্গি এলাকাটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কোয়েটার পানি সংকট মোকাবিলার লক্ষ্যে বেলুচিস্তান সরকার এখানে বহু বিলিয়ন রুপি ব্যয়ে মাঙ্গি বাঁধ নির্মাণ করছে। মাঙ্গি এলাকায় অতীতেও হামলার ঘটনা ঘটেছে। ২০২১ সালের আগস্টে সেখানে একটি স্থলমাইন বিস্ফোরণে লেভিস ফোর্সের তিন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত