‘প্রকৃতির বিচারে’ শেষ আটে বেলজিয়াম

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম

মাঠের বাইরের আলোচনা আর নজিরবিহীন বিতর্ক অনেক সময় ম্যাচের আবহ কিছুটা বদলে দিলেও, দিনশেষে মাঠের ফুটবলই যে আসল ভাগ্য নির্ধারণ করে, সিয়াটল স্টেডিয়ামের এই ম্যাচে তারই এক প্রমাণ দেখল বিশ্ব ফুটবল। ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-এর লড়াইয়ে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বেলজিয়াম।

তবে এই ম্যাচের গল্পটা এখন কেবল পাঁচ গোলের রোমাঞ্চ বা যুক্তরাষ্ট্রের বিদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। ম্যাচের আগে ফিফার একটি নজিরবিহীন ও চরম বিতর্কিত সিদ্ধান্ত এই ফুটবল ম্যাচটিকে রূপ দিয়েছিল এক মনস্তাত্ত্বিক লড়াইয়েও। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে আগের ম্যাচে (রাউন্ড অব-৩২ এর) সরাসরি লাল কার্ড দেখার পরও, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অনুচ্ছেদ ২৭ ব্যবহার করে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেন। প্রেসিডেন্টের এই হস্তক্ষেপের পর বালোগুনকে খেলার অনুমতি দেওয়া হলেও, মাঠের পারফরম্যান্সে এই ম্যাচে এবার তার কোনো প্রতিফলন ছিল না। উল্টো ফিফার এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকা বেলজিয়ান ফুটবলাররা এটিকে রূপ দেন এক অলিখিত প্রতিশোধের মঞ্চে। ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিনের কণ্ঠে তাই ঝরে পড়ল এক চরম তৃপ্তির সুর, ‘আমি মনে করি জীবনে কোথাও না

কোথাও একটা প্রকৃতির বিচার সবসময়ই থাকে। আর এমন একটা ঘটনা ঘটার পরও... আমরা মনে করি না এটা ন্যায্য ছিল।’

বিতর্কের সেই আগুন সিয়াটলের মাঠে গড়াতেই ম্যাচের নবম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে বেলজিয়ামকে লিড এনে দেন চার্লস ডি কেটেলিয়ারে। স্বাগতিকদের রক্ষণভাগের স্নায়ুচাপের সুযোগ নিয়ে খুব সহজেই প্রথম গোলটি করেন তিনি। ম্যাচের ৩১ মিনিটে বালোগুনকে করা ফাউল থেকে পাওয়া এক ফ্রি-কিকে মালিক টিলম্যানের দারুণ শটে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র, যা থিবো কোর্তোয়াকে বোকা বানিয়ে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে টিলম্যান বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সরাসরি ফ্রি-কিক থেকে দুটি গোল করা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন।

তবে আমেরিকান গ্যালারির সেই উল্লাস স্থায়ী হয়েছিল মাত্র ১১৬ সেকেন্ড। লিয়ান্দ্রো ত্রোসার্দের চমৎকার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বেলজিয়ামকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন সেই ডি কেটেলিয়ারে। প্রথমার্ধের এই আকস্মিক ছন্দপতন পচেত্তিনোর শিবিরের আত্মবিশ্বাসকে পুরোপুরি নাড়িয়ে দেয়, যা বিরতির পর তাদের খেলায় স্পষ্ট হয়ে ওঠে।

দ্বিতীয়ার্ধে যখন ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র, ঠিক তখনই গোলরক্ষক ম্যাট ফ্রিজের এক মারাত্মক ভুলে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে যায় স্বাগতিকরা। ম্যাচের ৫৭ মিনিটে এক মারাত্মক ভুল করে বসেন ফ্রিজ; বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সের অনেক বাইরে চলে আসায় বলের নিয়ন্ত্রণ হারান তিনি। সেই সুবর্ণ সুযোগে দূরপাল্লার শটে ফাঁকা জালে বল জড়িয়ে বেলজিয়ামের পক্ষে তৃতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় হ্যান্স ভানাকেন।

পরে ম্যাচের একদম শেষ মুহূর্তে, যোগ করা সময়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু দলের চতুর্থ গোলটি করে যুক্তরাষ্ট্রের সমর্থকদের স্টেডিয়াম ছাড়তে বাধ্য করেন। লুকাকু গোল উদযাপনের পর বেলজিয়াম ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লুকাকুর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘পারলে এবার এটা বাতিল করে দেখাও।’ এই ক্যাপশনটি যে সরাসরি ফিফা ও ট্রাম্পের সেই বিতর্কিত সিদ্ধান্তকে ইঙ্গিত করে দেওয়া হয়েছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

৪-১ গোলের এই বিশাল ব্যবধানের হারের পর সহ-আয়োজক তিন দেশের (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র) বিদায়ঘণ্টা বেজে গেল শেষ ষোলোর মঞ্চেই। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র কোচ মাউরিসিও পচেত্তিনো মাঠের বাইরের বিতর্ককে হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমরা আজ যথেষ্ট ভালো ছিলাম না, আমাদের অন্য কোনো অজুহাত খোঁজার প্রয়োজন নেই... আমি মনে করি না এটি এমন কোনো পরিস্থিতি ছিল যা আমাদের প্রভাবিত করেছে।’

অন্যদিকে, বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া মাঠের ভেতরের এই বিতর্ককে উড়িয়ে দিয়ে সরাসরি বলেন, ‘না, এটার কোনো প্রয়োজন বা বাধ্যবাধকতা ছিল না... আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ ছিল, তা হলো আমাদের গেম প্ল্যান।’ ম্যাচ শেষে বালোগুনের সঙ্গে কথা বলার প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘সে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, আমার এটা খুব ভালো লেগেছে। এটা তার ভুল ছিল না, সে মোটেও দোষী নয় এবং আমি তাকে সেটাই বলেছি।’

তবে কারণ যাই হোক না কেন, মাঠের বাইরের সব নাটকীয়তা এবং আলোচনা পেছনে ফেলে মাঠের পারফরম্যান্সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ম্যাচটি জিতে নিল রেড ডেভিলরা। আগামী শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লস অ্যাঞ্জেলেসে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত