ক্যানোলা হাতে পড়ে ছিল শিশুটি অবশেষে পেল নতুন ঠিকানা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:০১ এএম

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি অবশেষে নতুন ঠিকানা পেয়েছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসা দেওয়ার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুটিকে উপজেলার উত্তর শাহপুর এলাকার ব্যবসায়ী জাবেদ আলী ও তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। তারা শিশুটিকে নিজেদের সন্তানের মতো লালন-পালনের অঙ্গীকার করেছেন।

জানা গেছে, গত সোমবার ভোরে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে কান্নার শব্দ শুনে পথচারীরা থমকে দাঁড়ান। কাছে গিয়ে তারা দেখতে পান, একটি নবজাতক কন্যাশিশু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শিশুটির শরীরে তখনো হাসপাতালের স্যালাইনের ক্যানোলা লাগানো। খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। শিশুটির খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। অনেকেই তাকে নিজের সন্তান হিসেবে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে উত্তর শাহপুর (নোয়াপাড়া) এলাকার ব্যবসায়ী জাবেদ আলী (৩০) ও তার স্ত্রীকে শিশুটির দায়িত্ব দেওয়া হয়।

ইউএনও মেহেদী হাসান জানান, শিশুটির সর্বোচ্চ স্বার্থ বিবেচনা করেই উপজেলা শিশু কল্যাণ বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। আপাতত নিরাপদ পরিবেশে লালন-পালনের জন্য শিশুটিকে জাবেদ আলী দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত