শ্রমিক অসন্তোষে এক মাস ধরে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চলে শুক্রবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে প্রায় প্রতিদিন বিক্ষোভ ও অবরোধের খবর পাওয়া গেলেও এদিন কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শুক্রবার ছুটির দিন হওয়ায় সীমিতসংখ্যক কারখানায় উৎপাদন চলছে। শিল্প পুলিশের হিসাবে, জেলার মোট কারখানার প্রায় ১০ শতাংশ এদিন চালু ছিল। এসব প্রতিষ্ঠানে সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দেন এবং স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রমে অংশ নেন।
কাজে যোগ দেওয়া শ্রমিকেরা জানান, তারা অবরোধ ও ভাঙচুরের পক্ষে নন। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান তারা। তাদের বক্তব্য, কারখানায় উৎপাদন চালু থাকা এবং শ্রমিকদের নিরাপদে কাজে আসা—দুটিই গুরুত্বপূর্ণ। শুক্রবার যেসব প্রতিষ্ঠান খোলা ছিল, সেখানে শ্রমিকেরা নির্বিঘ্নে কাজ করেছেন বলে জানানো হয়েছে।
কারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে মোট কারখানার সংখ্যা ৫ হাজার ২০০। এর মধ্যে নিবন্ধিত পোশাক কারখানা রয়েছে ২ হাজার ৭১টি। তবে নিয়মিত উৎপাদনে থাকা পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ৫০০। এসবের মধ্যে ৯০০টি শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে জেলার ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ কারখানাগুলো কবে আবার চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে সেগুলো দ্রুত সচল হবে বলে আশাবাদ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শুক্রবার জেলার মোট কারখানার ১০ শতাংশ চালু ছিল এবং সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিনের মতো সতর্ক অবস্থানে রয়েছেন।
শিল্পাঞ্চলে উৎপাদন সীমিত থাকলেও শুক্রবারের শান্ত পরিস্থিতিকে স্বাভাবিক কার্যক্রমে ফেরার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু না হওয়া পর্যন্ত জেলার সব প্রতিষ্ঠানে উৎপাদন পুরোপুরি ফিরেছে, এমনটা বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে নিরাপত্তা বজায় রাখার কাজ অব্যাহত রয়েছে।
সবশেষ বুধবার শ্রমিক বিক্ষোভে সাভার, আশুলিয়া ও গাজীপুর— এই তিন শিল্পাঞ্চলে ১১০টি কারখানা বন্ধ হয়ে গেছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ৩০ হাজার টানা নূন্যতম মজুরি নির্ধারণ করতে হবে।