রাজশাহীতে শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার 

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

রাজশাহীর চারঘাটে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দেব চন্দ্র দাস পেশায় রাজমিস্ত্রি। র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার (৯ জুলাই) রাজশাহী নগরীর মতিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দায়ের করা মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, দেব চন্দ্র দাস বুধবার শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার বাড়ি থেকেই উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা চারঘাট থানায় ধর্ষণ মামলা করেন। এরপরই র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তারে মাঠে নামে।

এনিয়ে বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর রাজশাহী কোম্পানী কমান্ডার মেজর মনজুরুল কবির জানান, গ্রেপ্তার দেব চন্দ্র প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত