ফেনীতে বন্যা মোকাবিলায় ২২৪ আশ্রয়কেন্দ্র ও পর্যাপ্ত ত্রাণ মজুদ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

ফেনী জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতিকে সামনে রেখে বুধবার (৮ জুলাই) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরবর্তী ও বন্যা চলাকালীন যেকোনো দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, উদ্ধার সরঞ্জামাদি মজুদ রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় বন্যা কবলিত মানুষের সাময়িক আশ্রয়ের জন্য ৮০ স্থায়ী ও ১৪৪ অস্থায়ী আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবী দল গঠনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যেই উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক দলের তালিকা দ্রুত জেলা কার্যালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন সময় নদী ও প্লাবিত অঞ্চলে যাতায়াত ও উদ্ধারের জন্য উপজেলায় বোটের সংখ্যা বাড়িয়ে ৯৩ নিশ্চিত করা হয়েছে।

ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে তাৎক্ষণিক মানবিক সহায়তা নিশ্চিত করতে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে মজুদকৃত মালামালের মধ্যে রয়েছে শুকনা ও অন্যান্য খাবার ১,১৫০ প্যাকেট। এছাড়াও প্রতি উপজেলায় অতিরিক্ত জরুরী শুকনা খাবারের ব্যাগ ও বস্তা মজুদ রয়েছে। এরমধ্যে ত্রাণ কার্য (চাল) ১০০ মেট্রিক টন, নগদ অর্থ ৫ লাখ টাকা, তেরপাল ৫৯৫ পিস, বিশুদ্ধ পানির জন্য জেরিক্যান ৪৬৮ পিস, সচেতনতা ও সতর্কবার্তা প্রচারের জন্য হ্যান্ড মাইক ২০ পিস, রেইনকোট ১০০ পিস, গামবুট ২১৪ জোড়া, লাইফ জ্যাকেট: ৩৫৭ পিস ও টর্চলাইট ১৩৭ পিস।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি উপজেলা পর্যায়ে শিশু খাদ্য, গো-খাদ্য ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সাময়িক মেরামতের জন্য ঢেউটিন পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে। পাশাপাশি, স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত বিশেষ অর্থ ও খাদ্যশস্য (চাল) উপজেলাগুলোতে পাঠানো হয়েছে, যেন যেকোনো জরুরী মুহূর্তে স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।

​এ প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক মনিরা হক সর্বস্তরের জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত