বিশ্বকাপে প্রিমিয়ার লিগের চেনা দ্বৈরথ

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৭:৫৯ এএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও নরওয়ে। তবে দুই দেশের এই আন্তর্জাতিক লড়াইয়ের আবহটা অনেকখানি ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চেনা প্রতিদ্বন্দ্বিতার মতো। দুই দলের ফুটবলারদের সিংহভাগই নিয়মিত একে অপরের বিপক্ষে খেলেন ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। এতেই মায়ামির হাইভোল্টেজ এই ম্যাচের আগে মাঠের চেনা প্রতিপক্ষকে নিয়ে দুই শিবিরেই চলছে চুলচেরা বিশ্লেষণ।

নরওয়ের প্রধান অস্ত্র আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে অভ্যস্ত। চলতি বিশ্বকাপেও ইতিমধ্যে ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন এই স্ট্রাইকার, যাকে রুখতে বিশেষ ছক কষছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ডের মিডফিল্ডার মরগান রজার্স নরওয়ের এই গোল মেশিনকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আর্লিং হালান্ডকে এর আগে কেউ থামাতে পেরেছে কি না আমি জানি না। নিশ্চিত নই যে কেউ পেরেছে, তবে আমরা চেষ্টা করতে যাচ্ছি।’

হালান্ডকে বোকা বানানোর কৌশল নিয়ে রজার্স আরও যোগ করেন, ‘সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। সে যা করে, যে সংখ্যার রেকর্ড গড়ে, তাতেই বোঝা যায় সে কতটা দুর্দান্ত। আমাদের হয়তো চেষ্টা করতে হবে তার কাছে বল সরবরাহের লাইনগুলো বন্ধ করার, যেন সে সুযোগ না পায়। কারণ গোলপোস্টের সামনে সে চরম মারাত্মক।’

নরওয়ের কোচ স্টালে সোলবাকেন অবশ্য মনে করেন, ইপিএলে খেলার অভিজ্ঞতা তার দলকে আলাদা কোনো বাড়তি সুবিধা দেবে না। উল্টো প্রতিপক্ষকে কিছুটা খোঁচা দিয়ে তিনি মনে করিয়ে দেন যে ইংল্যান্ডের দুই মূল তারকা হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম কিন্তু প্রিমিয়ার লিগে খেলেন না। নরওয়েজীয় কোচ বলেন, ‘আমি জানি না এটা আমাদের পক্ষে যাবে কি না। আমাদের কিছু খেলোয়াড় স্পষ্টতই অনেক ইংলিশ খেলোয়াড়ের বিপক্ষে খেলেছে। তবে ইংল্যান্ডের সেরা দুজন খেলোয়াড় হয়তো প্রিমিয়ার লিগে খেলছেন না। তারা খেলছেন স্পেন এবং জার্মানিতে, তাই বিষয়টি আপনি এভাবেও দেখতে পারেন।’

মেক্সিকোর বিপক্ষে ১০ জন নিয়ে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় ইংলিশদের আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে। এদিকে শেষ ষোলোতে ব্রাজিলকে বিদায় করে দেওয়া নরওয়েও আত্মবিশ্বাসে টগবগে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের অসুস্থতার গুজব উড়িয়ে দিয়ে নরওয়ে কোচ নিশ্চিত করেছেন যে তার পুরো স্কোয়াড এখন সম্পূর্ণ ফিট। মাঠের চেনা প্রতিদ্বন্দ্বিতা ভুলে এবার দেশের জার্সিতে সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নামবে দুই দলের চেনা মুখগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত