এ ক  ন জ রে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম

ক্লোসাকে মেসির উপহার

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে জার্মানির সাবেক ফুটবলার মিরোসøাভ ক্লোসাকে বিশেষ উপহার পাঠাচ্ছেন লিওনেল মেসি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে ক্লোসা জানান, রেকর্ড ভাঙার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মাধ্যমে মেসি তার সঙ্গে ফোনে কথা বলেন এবং স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। ক্লোসা জানান, এটি তার কাছে আবেগঘন মুহূর্ত। মিসরের বিপক্ষে গোলের পর বিশ্বকাপে ২১ গোলের মালিক হন মেসি। এবারের আসরে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ফাইনালে গাইবেন বিবার

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে সুপার বোল-ধাঁচের হাফটাইম শো অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ১১ মিনিটের এই আয়োজনে ম্যাডোনা লুইজ, শাকিরা, বিটিএসের সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার। কোল্ডপ্লের ক্রিস মার্টিনের পরিকল্পনায় সাজানো শোতে আরও থাকবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল ও পিএস২২ কোরাস। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের সহায়তায় আয়োজিত এই কনসার্টের মাধ্যমে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেক্সিকোর নতুন কোচ

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর মেক্সিকো ফুটবল দলের দায়িত্ব ছাড়েন হাভিয়ের আগুয়ের। তার পরিবর্তে দেশটির সাবেক অধিনায়ক রাফায়েল মার্কেসকে নিয়োগ দিয়েছে মেক্সিকো। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে ৪৭ বছর বয়সী এ কোচের সঙ্গে চুক্তি করেছে তারা। ২০২৪ সাল থেকে আগুয়েরের সহকারী হিসেবে কাজ করা মার্কেস জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ। এমনকি পাঁচটি বিশ্বকাপে অধিনায়কত্বও করেছেন তিনি। বার্সেলোনার সাবেক এ ডিফেন্ডার এর আগে বার্সার ‘বি’ দলের কোচ ছিলেন। এবার নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন মার্কেস।

ক্রোয়েশিয়া কোচের পদত্যাগ

ক্রোয়েশিয়ার সবচেয়ে সফল কোচ জøাতকো দালিচ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ৯ বছর দলটির কোচের দায়িত্ব পালন করা দালিচ নিজের এই সিদ্ধান্তের কথা জানান। তার অধীনে ক্রোয়েশিয়া ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে। তবে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে হেরে রাউন্ড অব ৩২-এ বিদায় নেয় দলটি। দালিচ জানান, নতুন সাফল্যের ইচ্ছা থাকলেও অবিশ্বাস্য এই অধ্যায়ের ইতি টানার এটাই সঠিক সময় মনে হয়েছে তার। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন দালিচের অবদানকে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে উল্লেখ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত