ছোট ছোট পাসে মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল মানেই চোখের সামনে ভেসে ওঠে স্পেনের সেই চেনা ‘টিকিটাকা’ ফুটবল। যুগের পর যুগ ধরে এই পাসের রাজত্বে দেখা গেছে স্প্যানিশদেরই একক আধিপত্য। তবে ফিফার সর্বশেষ অফিশিয়াল রিপোর্ট বলছে, চলতি আসরে চেনা সেই রাজত্বে এবার কিছুটা বদল এসেছে। স্প্যানিশদের ছাড়িয়ে টুর্নামেন্টের এই পর্যায়ে সবচেয়ে বেশি পাস খেলার তালিকায় শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যার মধ্যে সফল পাসের শতকরা হিসেবেও শীর্ষে আলবিসেলেস্তেরা।
ফিফার পরিসংখ্যানের খেরোখাতা ওল্টালে দেখা যায়, মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে সবাইকে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩,৪৪৬টি পাস খেলেছে লিওনেল স্কালোনির দল, যার মধ্যে সফল পাস ছিল ৯১ শতাংশ। অন্যদিকে, পাসের প্রথাগত কারিগর স্পেন ৩,৩৮২টি পাস নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পাসের নিখুঁততার হারও আর্জেন্টিনার সমান ৯১ শতাংশ।
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা মরক্কো খেলেছে ৩,১২৬টি পাস। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পর্তুগাল (২,৯৪৬টি পাস) ও ফ্রান্স (২,৮৭২টি পাস)। পাসের ফুলঝুরি ফোটানো এই পাঁচ পরাশক্তির মধ্যে কেবল পর্তুগালই শেষ আটের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে; ক্রিশ্চিয়ানো রোনালদোর দল বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। এদিকে পাসের তালিকায় লাতিন পরাশক্তি ব্রাজিল রয়েছে ৯ নম্বরে।
তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ে ও ইংল্যান্ড। ফিফার পাসিং টেবিলে যথাক্রমে ১৪ ও ১৫ নম্বরে থাকা এই দুই দল পাসের সংখ্যার দিকে না তাকিয়ে অত্যন্ত সরাসরি ও কার্যকর ফুটবলের ওপর ভর করে জায়গা করে নিয়েছে শেষ আটে।