হাইকোর্টের রায়

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করে।

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নির্বাচন কমিশনে বাতিল হলে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতির পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেয়।

তবে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। এক পর্যায়ে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়েছিল, যদি সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে ফল প্রকাশ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বিষয়টির ওপর শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে গতকাল রায় দেয় হাইকোর্ট। সংশ্লিষ্টরা জানান, এ রায়ের মধ্য দিয়ে গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর আইনগত বাধা রইল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত