১৪ সংশোধনীতে বদলাচ্ছে জামায়াতের গঠনতন্ত্র

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাত বছর পর তাদের গঠনতন্ত্রে বড় ধরনের সংশোধন আনতে যাচ্ছে। প্রস্তাবিত সংশোধনীতে দলের আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনা, ব্যয়ের সীমা নির্ধারণ এবং কেন্দ্রীয় পর্যায়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান আমিরের নেতৃত্বে এবারই প্রথম ছোট-বড় মিলিয়ে প্রায় ১৪টি সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রস্তাব নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গঠনতন্ত্রের ষষ্ঠ অধ্যায়ের ৬৮ নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত করে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা নির্ধারণ করা হবে। একই সঙ্গে দলটির আয়ের উৎস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আরও স্পষ্ট বিধান যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া গঠনতন্ত্রের তৃতীয় অধ্যায়ে নতুন ধারা সংযোজন করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। দলীয় সূত্র বলছে, এই পরিষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হতে পারে, যাঁরা দলের সদস্য নন, তবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৩তম সংশোধনী প্রস্তাব ইতিমধ্যে মজলিসে শুরায় উপস্থাপন করা হয়েছে। সংশোধনী কমিটিতে আলোচনা শেষে প্রস্তাবগুলো নির্বাহী পরিষদে পাঠানো হয়। পরে সেগুলো শুরায় আলোচনা করা হচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবও এসেছে। এ বিষয়ে শুরা সদস্যদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আগামী শুরা বৈঠকেও এ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, গঠনতন্ত্রের সংশোধনী চূড়ান্ত হলে তা প্রকাশ করা হবে এবং দলের ওয়েবসাইটেও দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত