দেশে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

বৃষ্টিপাত কমতে শুরু করায় দেশে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। রবিবার (১২ জুলাই) থেকে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। তবে চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি এখনও রয়েছে। 

রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কমতে শুরু করেছে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আপাতত দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে সাঙ্গু, মাতামুহুরি, খোয়াই এবং কুশিয়ারার পানি কমতে শুরু করেছে। এতে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস কেন্দ্র। রবিবার থেকে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। 

তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সারা দেশ। সঙ্গে যোগ হয়েছে পাহাড় ধস আর জলাবদ্ধতার ভোগান্তি। বিশেষ করে চট্টগ্রামের পরিস্থিতি সবচেয়ে বিপর্যস্ত।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের পতেঙ্গায় ২১১ মিলিমিটার। আর আমবাগানে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার। যদিও আগের দিনের তুলনায় বৃষ্টি অর্ধেকে নেমেছে।  

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে কমতে পারে।

এদিকে রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত তিন দিন থেমে থেমে বৃষ্টি ঝরেছে। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত