চলতি ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদের কারণে দখলকৃত পশ্চিম তীরে ৩ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয় (ওসিএইচএ) তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে।
জাতিসংঘের এই সংস্থার হিসাব অনুযায়ী, পশ্চিম তীরে চলতি বছরে প্রতিদিন গড়ে ১৭ জন করে ফিলিস্তিনি তাদের নিজেদের বাসস্থান ও মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছেন। ওসিএইচএ জানিয়েছে, বিগত তিন বছরের দৈনিক উচ্ছেদের হারের তুলনায় বর্তমান এই হার দ্বিগুণেরও বেশি।
সংস্থাটি তাদের সর্বশেষ তথ্যে আরও উল্লেখ করেছে, কেবল জুলাই মাসের প্রথম ১০ দিনেই ইসরায়েলি বাহিনীর বর্বর উচ্ছেদ অভিযানের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়েছেন অন্তত ৬৭ জন ফিলিস্তিনি। এই সময়ের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের অন্তত ১২টি স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে।
স্থাপনাগুলো ধ্বংসের পেছনে ইসরায়েলি বাহিনী 'অনুমোদনহীন নির্মাণ' বা বিল্ডিং পারমিট না থাকার অজুহাত দেখিয়েছে। তবে জাতিসংঘের এই সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের ভবন নির্মাণের অনুমতি বা পারমিট পাওয়া কার্যত অসম্ভব। আর এই আইনি মারপ্যাঁচকে কাজে লাগিয়েই ফিলিস্তিনিদের একের পর এক আবাসন ও স্থাপনা ধ্বংস করে চলেছে ইসরায়েল।
সূত্র: আল-জাজিরা