১৯ দিনে শাহজালালের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম

মাত্র ১৯ দিনের ব্যবধানে আবারও সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলা হয়েছে। দিনব্যাপী গণনা শেষে দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাজারের দানবাক্সগুলো খোলা হয়। এরপর দিনভর চলে টাকা গণনার কাজ। মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় দানবাক্সের অর্থ গণনা করা হয়েছে। গণনা শেষে পাওয়া অর্থ নির্ধারিত সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে।

মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হলো।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। সেদিন মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে সেই অর্থ সোনালী ব্যাংকের নতুন খোলা একটি হিসাবে জমা রাখা হয়।

মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত জুনে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে ঐতিহাসিক তিনটি দানের ডেগ ও একটি পুরোনো দানবাক্স সিলগালা করা হয়।

এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত