পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা পড়ে পদ হারালেন যুব জামায়াত নেতা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:০০ এএম

দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক যুব নেতাকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার নাম মোহাম্মদ ফিরোজ শাহ্। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২নং বল্লী ইউনিয়ন শাখার আমির মো. মিজানুর রহমান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সেখানে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নিজের স্ত্রীর হাতে ধরা পড়েন ফিরোজ শাহ্। ওই সময় উপস্থিত সাধারণ মানুষের সামনেই তাদের মধ্যে তীব্র বাদানুবাদ ও হট্টগোলের সৃষ্টি হয়। সেখানে উপস্থিত থাকা বেশ কয়েকজন দর্শনার্থী ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা সংগঠনের সুনির্দিষ্ট নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ফিরোজ শাহ্ দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থি কাজে লিপ্ত ছিলেন। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে এই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে ১২নং বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদসহ সংগঠনের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে। বর্তমানে ঘটনাটির বিষয়ে একটি বিশদ অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষে তিনি যদি চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হন, তবে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত