ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দাঁড়াশ সাপ ভেবে বিষধর ওয়ালস ক্রেট বস্তাবন্দী করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সাপটি ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের একটি ব্রীজের নিচে সাপটির দেখা মেলে। পরে স্থানীয় লোকজন সাপটিকে তাড়া করে বস্তাবন্দী করে। বর্তমানে সাপটি পার্শ্ববর্তী ভাইদগাঁও গ্রামের হারুন অর রশিদ নামে এক বাসীন্দার তত্ত্বাবধানে আছে। তবে সাপটি ধরার ৩ দিন পার হলেও এখনও উদ্ধার কিংবা অবমুক্ত করার উদ্যোগ নেয়নি কেউ।
স্থানীয় বাসিন্দারা বলেন, কাকনহাটি গ্রামের একটি ব্রীজের নিচে সাপটির দেখা পাওয়া যায়। সাপটিকে শারীরিকভাবে দুর্বল দেখায়। এ সময় কয়েকজন মিলে সাপটিকে বস্তায় ভরে ফেলেন। সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা সাপটিকে দেখতে ভিড় জমায়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, বিষয়টি বন বিভাগকে জানিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।