এক সাপ্তাহ ধরে টানা অতি ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলের বনাঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে শুধু সাধারণ মানুষই নয়, তীব্র সংকটে পড়েছে পাহাড়ে বিচরণকারী বন্যপ্রাণীরাও। অতি বৃষ্টির কারণে টেকনাফের বনাঞ্চলে মাটি নরম হয়ে যাওয়ায় একটি বন্যহাতি উঁচু পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। গতকাল শনিবার দুপুরে টেকনাফ রেঞ্জের সদর বন বিটের শিয়াইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতিটি শিয়াইল্যাঘোনা এলাকার একটি পাহাড়ের চূড়া থেকে অসাবধানতাবশত নিচে ছিটকে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে হাতিটিকে মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং হাতিটির সুরক্ষায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।
ঘটনার বিবরণ দিয়ে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানান, হাতিটি আনুমানিক ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। এত ওপর থেকে আছড়ে পড়ার কারণে হাতিটির পেট ও পায়ে মারাত্মক আঘাত লাগে। বর্তমানে এর নড়াচড়া করার ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। খবর পাওয়ার পরপরই বন বিভাগের কর্মী এবং সিপিজির (কমিউনিটি প্যাট্রল গ্রুপ) সদস্যরা আহত হাতিটির সার্বক্ষণিক দেখভাল ও পাহারায় নিয়োজিত আছেন। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছি। হাতিটির উন্নত ও জরুরি চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি বিশেষ মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।
বন কর্মকর্তা আরও জানান, হাতিটির অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। হাতিটিকে সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।