আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও অ্যান্টি-ড্রপ আর্মার ডিজাইনে শক্তিশালী ভিভো ফোন

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন চমক ‘ভিভো ওয়াই৫০০’। অত্যাধুনিক ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি দেশের প্রযুক্তিপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই গত ৮ জুলাই থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে, যা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে।

বিশেষ এই প্রি-অর্ডার চলাকালে ক্রেতাদের জন্য থাকছে দারুণ সব আকর্ষণীয় উপহার। প্রি-অর্ডার করলেই গ্রাহকরা পাবেন একটি বিশেষ ভিভো × মিনিসো লিমিটেড এডিশন গিফট সেট। এই গিফট সেটের ভেতর থাকছে চমৎকার একটি পেনপেন ডল, আকর্ষণীয় ফোন কভার এবং দুটি এক্সক্লুসিভ স্টিকার। শুধু উপহারই নয়, ক্রেতাদের সুবিধার্থে থাকছে সর্বোচ্চ ৯ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা, ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং আকর্ষণীয় ডাটা বান্ডেল অফার।

যাঁরা দিনের একটি বড় সময়জুড়ে স্মার্টফোনে গেমিং, ভিডিও দেখা, অফিশিয়াল কাজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, তাঁদের চাহিদার কথা বিবেচনা করেই এই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এর ফলে একবার সম্পূর্ণ চার্জ করলেই টানা ৩৫ ঘণ্টা ভিডিও উপভোগ করা অথবা ১৯ ঘণ্টা জুম মিটিং করা সম্ভব। এছাড়া এতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিংয়ের সুবিধাও যুক্ত করা হয়েছে। উন্নত আল্ট্রা-থিন ব্যাটারি প্রযুক্তির কারণে প্রায় ১,৬০০ বার চার্জ করার পরেও এর ব্যাটারি ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখতে পারে, যা ব্যবহারকারীকে প্রায় ছয় বছর পর্যন্ত নিশ্চিন্তে ও নির্ভরযোগ্যভাবে ফোন ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

ভিজ্যুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এই ফোনে দেওয়া হয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে। গান শোনা কিংবা মুভি দেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করতে এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। পাশাপাশি চোখের সুরক্ষায় ফোনটিতে দেওয়া হয়েছে আই প্রোটেকশন মোড।

স্মার্টফোনটির কর্মক্ষমতা বা পারফরম্যান্স বাড়াতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী প্রসেসর। এর আনতুতু বেঞ্চমার্ক স্কোর ৬ লাখ ৮০ হাজার, যা ভারী গেমিং এবং একসঙ্গে একাধিক অ্যাপস ব্যবহারের কাজকে করে তুলবে অত্যন্ত মসৃণ ও দ্রুতগতির। প্রতিদিনের ব্যবহারে বাড়তি স্থায়িত্ব ও সুরক্ষার জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার এবং অ্যান্টি-ড্রপ আর্মার ডিজাইন।

দুর্দান্ত ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা এবং সেলফিপ্রেমীদের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ছবি আরও আকর্ষণীয় করতে এতে এআই ইরেজ ২.০, এআই রিটাচ এবং চেঞ্জ স্কাই-এর মতো আধুনিক এআই ফিচার যুক্ত করা হয়েছে। আকর্ষণীয় পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু- এই দুটি দারুণ রঙে এবং আধুনিক নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ও স্লিম মেটালিক ফ্রেমের চমৎকার ডিজাইনে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত