সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে চুরির চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি একটি চোরচক্র। দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি হওয়া মালামাল নিয়ে পালানোর আগেই সাগর (২৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও ২ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিন ব্যক্তি হাসপাতালের দ্বিতীয় তলার পকেট গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা হাসপাতালের একটি বড় টেলিভিশন, টিকিট কাউন্টারের মনিটর, একটি কম্পিউটার, রাউটার, টেবিল ল্যাম্প এবং বিভিন্ন ধরনের চার্জারসহ মূল্যবান মালামাল একত্র করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় সন্দেহজনক শব্দ শুনে বাইরে দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতি টের পেয়ে তিন চোরের মধ্যে দুজন পালিয়ে গেলেও সাগর নামে একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

আটক সাগর সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল-নইলান এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হাসপাতাল এলাকার উজ্জ্বল ও জসিম নামে আরও দুজন তার সঙ্গে এই চুরির ঘটনায় জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা বলেন, দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত তৎপরতার কারণে চোরেরা হাসপাতাল থেকে কোনো মালামাল বের করতে পারেনি। ঘটনাস্থল থেকেই একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, চোরেরা হাসপাতাল থেকে কোনো মালামাল নিতে পারেনি। আটক ব্যক্তিকে নিয়মিত চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত