সমরাস্ত্র কারখানার জন্য সেনাবাহিনীকে জমি দিল সরকার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রামের ফৌজদারহাটে দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলসের মোট ৫৪ দশমিক ৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতীকী মূল্যে জমিটি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর সম্প্রসারণ কাজে ব্যবহারের জন্য দেওয়া হবে।

জুলাইয়ের প্রথমদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদনের পথে এগোয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে দুই দফায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও তা অনুমোদন পায়নি। তবে বর্তমান সরকারের সময় প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবটিতে সবুজ সংকেত দেওয়া হয়।

অনুমোদনের ফলে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীন জলিল টেক্সটাইল মিলসের মোট ৫৪ দশমিক ৯৯ একর জমি প্রতীকী মূল্যে বিওএফের কাছে হস্তান্তর করা হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতীকী মূল্যের অর্থ বিওএফের পক্ষ থেকে বিটিএমসিকে পরিশোধ করা হবে।

২০২৫ সালের ২৯ জুলাই অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রথমবারের মতো প্রস্তাবটি উপস্থাপন করা হয়। তবে রাষ্ট্রীয় সম্পদ বা জমি প্রতীকী মূল্যে হস্তান্তরের নীতিগত বিরোধিতা করে তখন প্রস্তাবটি বাতিল করা হয়েছিল।

সেসময় তৎকালীন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন, ওরা নিতে চেয়েছে তবে আমরা প্রস্তাব দিয়েছি যে, প্রতীকী মূল্যে দেওয়া হবে না। যারা জমি নিতে চাইবে অর্থ দিয়ে নিতে হবে।

পরে একই বছরের ২৮ অক্টোবর দ্বিতীয়বারের মতো প্রস্তাবটি উপদেষ্টা পরিষদ কমিটির সভায় তোলা হয়। তখন শর্ত পরিবর্তন করে জলিল টেক্সটাইল মিলসের সব বকেয়া দায়-দেনা পরিশোধের মাধ্যমে ৫৪ দশমিক ৯৯ একর জমি গ্রহণের প্রস্তাব দেয় সেনাবাহিনী।

তবে বিটিএমসির অধীন মিলগুলোর স্থায়ী সম্পদ ও দায়-দেনার মূল্যায়নের প্রয়োজন দেখিয়ে সে সময়ও প্রস্তাবটি অনুমোদন করা হয়নি। শেষ পর্যন্ত নতুন সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণের অংশ হিসেবে জমি হস্তান্তরের এই প্রস্তাব অনুমোদন পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত