বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক বাণিজ্যের নানামুখী চ্যালেঞ্জকে সামনে রেখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি এবং নতুন ও সম্ভাবনাময় বাজার সম্প্রসারণে একটি দূরদর্শী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) যৌথ অংশীদারত্বের ভিত্তিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান আরও সুদৃঢ় করতে যাচ্ছে।
গতকাল রবিবার বৈশ্বিক রোডশো এবং বাজার সম্প্রসারণ কার্যক্রমকে কৌশলগত রূপ দিতে উত্তরার বিজিএমইএ দপ্তরে বিজিএমইএ এবং এইচএসবিসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং এইচএসবিসির পক্ষে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান সই করেন।
বিজিএমইএ জানিয়েছে, এই কৌশলগত সমন্বয়ের আওতায় এশিয়ার অন্যতম প্রধান ব্যবসায়িক হাব হংকংয়ে একটি বৃহৎ পরিসরে অ্যাপারেল রোডশো আয়োজন করা হবে। এই রোডশো আন্তর্জাতিক ক্রেতা, ব্র্যান্ড এবং বিশ্বমানের অংশীদারদের সঙ্গে বাংলাদেশের পোশাক খাতের সরাসরি সংযোগ স্থাপন করবে। এর মাধ্যমে প্রথাগত বাজারের বাইরে এশিয়া অঞ্চলে নতুন বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশের পোশাকের বৈচিত্র্য ও সক্ষমতা তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে আয়োজিত হতে যাওয়া বৃহৎ বস্ত্র প্রদর্শনী বাটেক্সপো-এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বাজার সম্প্রসারণের ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে।