‘হাসির রাজা’ দিলদারের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার-এর মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল দেশের চলচ্চিত্রাঙ্গনে। 

তার মৃত্যুর পর রাজধানীর ডেমরার সানারপাড়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই দিনটিতে মূলত পরিবারই দিলদারকে স্মরণ করে। একসময় এফডিসিতে তার স্মরণে আয়োজন হতো। কয়েক বছর ধরে সেটাও আর হয় না। তবে আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে দর্শকের হৃদয়ে ঠিকই জায়গা করে আছেন এ অভিনেতা।

দিলদারের জন্ম ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। ২০ বছর বয়সে প্রথমবার দাঁড়ান ক্যামেরার সামনে। এরপর ক্রমশ হয়ে ওঠেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা, কৌতুকের সফলতম তারকা। 

১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামের চলচ্চিত্র দিয়ে অভিষেক হয় দিলদারের। এরপর অভিনয় করেছেন ‘বেদের মেয়ে জোসনা’ ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুন্দর আলীর জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে।

নিজ নামে ও চরিত্রে দিলদার অসামান্য জনপ্রিয়তা লাভ করেছিলেন। সেই সুবাদে তাকে কেন্দ্রীয় চরিত্র করেই নির্মিত হয়েছিল ছবি, ‘আব্দুল্লাহ’। এ ছবিটিও দর্শকের মন জয় করেছিল।

জীবনের শেষ সময়ে এসে পেয়েছিলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ ছবির জন্য সেরা কৌতুক অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দিলদার।

দিলদারের প্রয়াণে ঢাকাই ছবির কৌতুকাভিনয় রীতিমতো পথ হারিয়েছে। যে’কজন এমন ভূমিকায় এসেছেন, তারা কেউই সেভাবে দ্যুতি ছড়াতে পারেননি। পাননি দর্শকের গ্রহণযোগ্যতাও। তাই ঘুরেফিরে দর্শক খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া সেই দিলদারকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত