গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় শেষে বরিশাল নগরীতে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুলশিক্ষার্থীদের দেখে বাস থামান তিনি।
আজ সোমবার দুপুরে বাবুগঞ্জের শিশু নিকেতন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও সেলফি তোলেন তারেক রহমান। তাদের খেলাধুলার সামগ্রীও উপহার দেন তিনি।
শিশু শিক্ষার্থীরা ছবি তোলার আবদার করলে প্রধানমন্ত্রী নিজেই তাদের মোবাইল ফোন নিয়ে সেলফি তুলে দেন। পরে বিদ্যালয়ের স্পোর্টস শিক্ষককে ডেকে শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের খেলাধুলার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর দেয়। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ব্যাডমিন্টন, ফুটবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন এবং পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।
এরপর প্রধানমন্ত্রী বাবুগঞ্জের রহমতপুরে গ্রীষ্মকালীন সেনা মহড়া পরিদর্শন করেন। মহড়ায় দুর্গম ও ঘন জঙ্গলে সেনাসদস্যদের অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন।
ভারতের ২ রাজ্যে বাংলাদেশিদের ভ্রমণ বন্ধ চেয়ে আইনি নোটিশ