ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফার আশরাফ মনির জামিনের আবেদন নাকচ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

প্রেমের ফাঁদে ফেলে সাদিয়া ইয়াসফিয়া নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে ফটোগ্রাফার আশরাফ মনিরের জামিনের আবেদন নাকচ করেছে আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্টেট মো. হাসান শাহাদাত আসামির উপস্থিতিতে উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ। আরও ছিলেন মো. আজাদ রহমান ও মফিজুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন মো. ইলিয়াস আলী ও আকবর খান। 

মামলার নথি ও ভূক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদিয়া মেকাপ আর্টিষ্টের কাজ করতেন। আসামি মনির কাজ করতেন ফটোগ্রাফিতে। ২০২৪ সালে একটি শুটিং প্রোগ্রামে সাদিয়ার সঙ্গে মনিরের পরিচয় ও এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জুন সাদিয়াকে ফুঁসলিয়ে আদাবর থানাধীন শেখেরটেক-১২ এর জনৈক কাদের পাটওয়ারী এর ২০নং বাসার ২য় তলার পূর্ব পাশের ফ্ল্যাটে নিয়ে যায় মনির। সেখানে সাদিয়াকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করে। সাদিয়ার ভাই মো. অলিউল্লাহ বাদী হয়ে মনিরের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

সাদিয়ার বোন রাজিয়া সুলতানা অভিযোগ করেন, গত ১৪ জুন বোনকে প্রেমিক আশরাফ হত্যা করে। পরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে নাটক সাজায় আসামি।

তিনি বলেন, আমার বোনকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। সুরতাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বোনের শরীরে অনেক আঘাতের চিহ্ন থাকলেও আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়নি। পুলিশ এটিকে আত্মহত্যা ধরে নিয়েই তদন্ত করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত