কবিতা

এলিয়েন পাখিদের ভাষা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম
কিছুটা হলুদ হয়ে নিভে যায় মৃৎপাত্রের ঘ্রাণ—
ফুলের শাস্ত্রীয় আভা নিয়ে বনে বনে উড়ে বেড়ায় মৌমাছি
আকাশের প্যালেটে পাগল মেয়ের চুলের মতো অন্ধকার
অবলা ক্যানভাসে জেগে উঠছে কিংকোবরার ছায়া
 
ছন্দের প্রবীণ হাড় ভেঙে-চুরে উড়ে যায় দিন
শিশিরেরা চোখ মেলে গুপ্ত কুয়াশায়—
উদাসীন মধ্যরাত গান বাঁধে ডুবে যাওয়া
জাহাজের ডকে। আতশবাজির রাত শেষে আকাশের নিচে
যে করুণ নৈঃশব্দ্য নিজস্ব গায়কী নিয়ে বাতাসে গন্ধ ছড়ায়
সেই তো তোমার অজানা তীর্থ, সাজঘর!
অরণ্যের ধূসর পৃষ্ঠায় আলস্যের দিন এসে
প্রেমাসক্ত ডালে ডালে এঁকে যায় এলিয়েন পাখিদের ভাষা।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত