সংবিধান সংশোধন কমিটি গঠন, প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল। আজ সোমবার (১৩ জুলাই) রাত ৯টা ২৩ মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্য ওয়াক আউট করেন।

ওয়াকআউটের আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুইটা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসেবে, অপরটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। দুইটা শপথই বিদ্যমান আছে। ওইইটাকে যদি বাইপাস করার জন্য কমিটি করা হয় তবে এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি গণতন্ত্রের দাবিই হচ্ছে জনগণের মতামত মেনে নেওয়া। সেই মতামত ৭০ শতাংশের পাশাপাশি জনগণের মতামত। গণভোটের মতামত যদি এভাবে শেষ হয়ে যায় তবে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির ওপর মানুষ শুধু আস্থাই হারাবে না, বিদ্রোহী হয়ে পড়বে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের মতামতকে অগ্রাহ্য করা উচিত হবে না। জনগণের মতামতকে যেহেতু সম্মান করা হচ্ছে না, তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।’

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। 

আগের ঘোষণা মতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা থাকলেও বিরোধী দল সদস্যদের নাম প্রস্তাব না করায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

বিরোধীদল নাম দিলে বাকি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে রাত ৯টা ২৩ মিনিটে তারা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।

কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, সাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংবিধান সংশোধনে ১৭ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। 

গত ২৯ এপ্রিল সংসদের বৈঠকে আইনমন্ত্রী বলেছিলেন, ট্রেজারি বেঞ্চ বা সরকারি দল ও স্বতন্ত্র মিলিয়ে ১২ জনের নাম দেওয়ার কথা বলেন। একই সময়ে তিনি বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম দেওয়ার প্রস্তাব দেন। 

ওই সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানাবেন বলে সংসদকে অবহিত করেন। পরে সংসদের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে বিশেষ কমিটিতে বিরোধীদল কোনো নাম দেবে না বলে বিরোধীদলীয় নেতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত