বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকাশক্তি কৃষি। কৃষি আমাদের আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে প্রথম উচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণার পথিকৃৎ। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ১১ বছরের গৌরবময় যাত্রাপথ অতিক্রম করে ১২তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৫ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠা লাভ করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা করা হয়। আয়োজনের মধ্যে ছিল সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায়  বাঁধন কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন, সকাল ১০-৪০ মিনিটে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা, বেলা ১১ টায় আন্তঃদলীয় ইংরেজি ভাষার দক্ষতা প্রতিযোগিতা, বেলা ১২টায় আলোচনা সভা, সাড়ে ১২টায় কেক কাটা ও বেলা ১টায় পুরস্কার বিতরণ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপাচার্য তার বক্তব্যে বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আস্থা তৈরিতে সক্ষম হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের প্রায় সব শাখার সম্মিলনে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গরূপ পাওয়ার পথে এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে। তিনি জমি অধিগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্রেজারার তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে আমরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন, মানবিকতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধে পরিপূর্ণ এক জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করতে চাই। পরিবর্তনশীল পৃথিবীতে তরুণদের সৃষ্টিশীল মনন ও নৈতিক দৃষ্টিভঙ্গিই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ। সেই যাত্রায় খুলনা  কৃষি বিশ্ববিদ্যালয় থাকবে পথপ্রদর্শকের ভূমিকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত