মুন্সীগঞ্জে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পৃথক দুটি স্থান থেকে এক অজ্ঞাত যুবক ও এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার নিমতলা রেলস্টেশন এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

স্থানীয়দের ভাষ্য, দুপুরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে ঢাকা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ লতব্দী গ্রামের সড়কের পাশ থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে সিরাজদীখান থানা-পুলিশ। তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগলিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

নিহতের ভাগনে মো. শাহীন বলেন, তাদের ধারণা, যে গাড়িটি তাঁর মামাকে দুর্ঘটনায় আহত করেছিল, সেটির লোকজনই তাকে হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হলে মরদেহটি দক্ষিণ লতব্দী গ্রামের সড়কের পাশে ফেলে রেখে যায়।

সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম গুরুতর আহত হন এবং তার অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলেছিলেন। তবে পথে তার মৃত্যু হলে ঝামেলা এড়াতে মরদেহটি দক্ষিণ লতব্দী গ্রামের সড়কের পাশে ফেলে রেখে যান। মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত