শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনাই নারীকে স্বাবলম্বী করে: শামা ওবায়েদ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

তরুণীদের আত্মবিশ্বাসী হয়ে বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আজকের নারী রাষ্ট্র পরিচালনা, কূটনীতি, অর্থনীতি ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রাখছেন। শিক্ষা ও সঠিক ক্যারিয়ার পরিকল্পনাই একজন নারীকে স্বাবলম্বী করে তোলে। 

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক’— সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। স্বাধীন হবার পর থেকে বর্তমান যে বাজেটে হয়েছে, সে বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ সবচেয়ে বেশি। নারী শিক্ষাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের বাজেট নারীবান্ধব বাজেট হয়েছে। নারী শিক্ষাকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছে। সে জন্যেও বাজেট রাখা হয়েছে।

সেমিনারে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ, জেলা পরিষদ প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিহার জাহান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনতে কুটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সামনে বিচারকার্য সম্পন্ন করা হবে। শেখ হাসিনার বিচারকার্য শেষ হয়েছে, তার সাজা হয়েছে। এছাড়া আরও অনেক স্বৈরাচারীদের সাজা হয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই যারা পালিয়ে আছে তাদেরকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে তাদের বিচার সম্পন্ন করা এবং তাদের সাজা সম্পন্ন করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। সেই কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেই কার্যক্রম চলমান রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত