সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে ‘আইনি ইস্যু’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণই আইনি বিষয়। এ বিষয়টিও সে অনুযায়ীই পরিচালিত হবে।’
ভারতের এক সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের অন্য নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো অগ্রগতির অভাবের কারণে স্থগিত করা হতে পারে গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই নেওয়া হয়েছে। সেগুলো এখনো সেভাবেই চলছে।’