ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’-এর রজতজয়ন্তী উৎসবের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা হয়। উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সভায় তিনি উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে অ্যালামনাই ৯৯-০০-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবের নেতৃত্বে সেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপাচার্য ১৯৯৯-২০০০ সেশনের এই উদ্যোগের প্রশংসা এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, এই সিলভার জুবিলি উৎসবের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দেশে ও বিদেশে অবস্থানরত ১৯৯৯-২০০০ সেশনের সব প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।