শিল্পকলা একাডেমিতে ট্রায়াল অব সূর্যসেন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম

ঢাকার মঞ্চে আবারও আলো ছড়াতে আসছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরত্বগাথা। আগামী শুক্রবার ১৭ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের আলোচিত প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এটি নাটকটির ৪৪তম প্রদর্শনী। মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও ফাঁসিকে কেন্দ্র করে নির্মিত এ নাটকের মূল রচনা ও নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। বর্তমানে নাটকটির নবনির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী, যিনি নিজেই সূর্যসেনের মূল চরিত্রে অভিনয় করছেন।

ইতিহাসভিত্তিক এই নাটকে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত ও তারকেশ্বর দস্তিদারসহ প্রায় ৪০টি ঐতিহাসিক চরিত্র রূপায়িত হয়েছে। ঢাকার বাইরে ভারতের দিল্লিতেও প্রশংসিত হয়েছে নাটকটি। ২০১৮ সালে উদ্বোধনী প্রদর্শনীর পর থেকে এটি সমকালীন নাট্যাঙ্গনে অন্যতম জনপ্রিয় প্রযোজনা হিসেবে প্রতিষ্ঠিত। নির্দেশক নাদের চৌধুরী জানান, নতুন প্রজন্মের জন্য ব্রিটিশবিরোধী আন্দোলনের রক্তঝরা ইতিহাস জানার অন্যতম মাধ্যম এই নাটক। এতে অভিনয়ে রয়েছেন মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামানসহ একঝাঁক নাট্যকর্মী। আলোকসজ্জায় জাকারিয়া কিরণ এবং সংগীতে আছেন আবুল বাশার সোহেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত