সেনেগালে ভুয়া চিকিৎসক
বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন বিতর্কে জড়িয়েছে সেনেগাল ফুটবল। ফেডারেশন সভাপতি আবদুলায়ে ফল জানান, দলের প্রধান চিকিৎসক ডা. ফেদিও মূলত একজন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। ২০১৭ সাল থেকে তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকান কাপ অব নেশনসে দলের সঙ্গে কাজ করলেও স্পোর্টস মেডিসিনে তার প্রয়োজনীয় যোগ্যতা ছিল না বলে দাবি করেন তিনি। খেলোয়াড়দেরও তার চিকিৎসা নিয়ে আস্থা ছিল না। তবে সেনেগালিজ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন এসব অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায়ের পর এ বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
ক্রোয়েশিয়ার কোচ বিলিচ
ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সøাভেন বিলিচ। ৫৭ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির দায়িত্ব পালন করেন। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিদায়ের পর দীর্ঘদিনের কোচ জøাতকো দালিচ পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন বিলিচ। এবারের বিশ্বকাপে ‘এল’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠলেও রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ক্রোয়েশিয়া। নতুন দায়িত্ব নিয়ে বিলিচ জানান, খেলোয়াড়দের ওপর তার পূর্ণ আস্থা আছে। নতুন উদ্যম, শৃঙ্খলা ও দৃঢ় মানসিকতা নিয়ে ক্রোয়েশিয়াকে আবারও বিশ্ব ফুটবলের অভিজাত পর্যায়ে নিতে চান।
ইতালির দায়িত্বে মালদিনি
টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। এই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এর অংশ হিসেবে সাবেক তারকা ডিফেন্ডার পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিয়েছে তারা। ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা মালদিনি এর আগে এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। এফআইজিসি জানিয়েছে, ব্রাজিলিয়ান লিওনার্দো তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করা মালদিনির প্রথম কাজ হবে জাতীয় দলের নতুন কোচ খোঁজা।
ব্রাজিল দলকে কটাক্ষ
বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দলকে কটাক্ষ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সাও পাওলোর মাউয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে গিয়ে রসিকতা করে জানান, বিশ্বকাপ শেষে জাতীয় দলের বিমানে দেশে ফিরেছেন মাত্র একজন খেলোয়াড়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলোই একমাত্র সেই বিমানে দেশে ফেরেন। লুলা এটিকে অপেশাদার আচরণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, দল জিতলে দেশের মানুষ আনন্দে উদযাপন করত। ওই অনুষ্ঠানে একটি রোবটকে ফুটবল খেলতে দেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির উদ্দেশে রোবটটিকে জাতীয় দলে খেলানোর আহ্বান জানান দা সিলভা।
রোনালদোদের বেতন বন্ধ
তীব্র আর্থিক সংকটে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর। সৌদি সংবাদমাধ্যম আল-রিয়াদিয়াহ জানিয়েছে, অর্থের অভাবে প্রথম সারির কয়েকজন ফুটবলারের জুন মাসের বেতনের একটি অংশ বকেয়া রয়েছে। একই কারণে ক্লাবের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নতুন খেলোয়াড় কেনার সব পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের বিদায়ের পরও তার বিকল্প দলে ভেড়ানোর আলোচনা এগোচ্ছে না। নতুন কোচ আঞ্জে পোস্তেকোগ্লুর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত আর্থিক স্থিতিশীলতা না ফিরলে অপূর্ণাঙ্গ স্কোয়াড নিয়েই নতুন মৌসুম শুরু করতে হতে পারে সৌদি প্রো-লিগের চ্যাম্পিয়নদের।