ইউনিয়নে ৮ বিঘা জমিতে মাঠ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

দেশব্যাপী খেলাধুলার প্রসার এবং শিশু-কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে ন্যূনতম আট বিঘা জমি চিহ্নিত করে খেলার মাঠ সংরক্ষণ, সংস্কার বা নতুন মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সরকার ও গৃহায়ণ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ১২ সচিব সদস্য হিসেবে রয়েছেন। গতকাল মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় অন্তত আট বিঘা জমি নির্ধারণের জন্য ডিও লেটার পাঠানো হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও প্রতিটি ইউনিয়নে একটি কেন্দ্রীয় খেলার মাঠ চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কৃষিজমি সংরক্ষণের স্বার্থে নতুন মাঠ নির্মাণে সরকারি খাসজমিকে অগ্রাধিকার দেওয়া হবে।

আগামী অর্থবছরে দেশের আট বিভাগ এবং ফরিদপুর ও কুমিল্লাসহ মোট ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এসবে ইনডোর স্টেডিয়াম, সুইমিংপুল, আরচারি, শুটিং ও ফুটবলসহ আধুনিক সুবিধা থাকবে। ইউনিয়নভিত্তিক খেলার মাঠ ও আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে উঠলে তৃণমূল থেকে প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি একটি সুস্থ ও উৎপাদনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত