৩০৮৮২ কোটির সেমিফাইনাল

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

ফুটবলবিশ্ব এখন এক ঐতিহাসিক সেমিফাইনালের অপেক্ষায়। যেখানে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড; সেই পুরনো তিক্ততা আর মর্যাদার লড়াই। কিন্তু মাঠের লড়াইয়ের উত্তাপ ছাপিয়ে এই দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য ফুটবলপ্রেমীদের চমকে দেওয়ার মতো। ইংল্যান্ডের স্কোয়াড ভ্যালু ১.৫৪৮ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৩৫৪ কোটি টাকা। এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াড ভ্যালু ৯২২.২ মিলিয়ন ডলার বা ১১ হাজার ৫২৮ কোটি টাকা। এই দুই দলের এই লড়াই মানেই প্রায় ৩০ হাজার ৮৮২ কোটি টাকার ফুটবলীয় সম্পদ।

এই লড়াইয়ে উভয় দলেরই কয়েকজন মূল খেলোয়াড়ের বাজারমূল্য আকাশচুম্বী। অর্থের হিসাবে ইংল্যান্ডের শীর্ষ তিন তারকা হলেন জুড বেলিংহাম ১৪৮.৫ মিলিয়ন ডলার বা প্রায় ১,৮৫৬ কোটি টাকা, ডেকলান রাইস ১৩৭.১ মিলিয়ন ডলার বা প্রায় ১,৭১৪ কোটি টাকা এবং বুকায়ো সাকা ১২৫.৭ মিলিয়ন ডলার বা প্রায় ১,৫৭১ কোটি টাকা। অন্যদিকে আর্জেন্টিনার শীর্ষ তিন তারকা হলেন হুলিয়ান আলভারেজ ১১৪.২ মিলিয়ন ডলার বা প্রায় ১,৪২৭ কোটি টাকা, এনজো ফার্নান্দেজ ১০২.৮ মিলিয়ন ডলার বা প্রায় ১,২৮৫ কোটি টাকা এবং লাউতারো মার্তিনেজ ৯৭.১ মিলিয়ন ডলার বা প্রায় ১,২১৩ কোটি টাকা।

এই বিশাল অর্থনৈতিক ব্যবধানের মধ্যেও উজ্জ্বল ব্যতিক্রম লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়কের বর্তমান বাজারমূল্য ১৭.১ মিলিয়ন ডলার বা প্রায় ২১৩ কোটি ৭৫ লাখ টাকা। বাজারমূল্যের হিসাবে তিনি সেমিফাইনালিস্ট ১০৪ জন খেলোয়াড়ের মধ্যে ৮৬তম স্থানে থাকলেও, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে থেকে তিনি প্রমাণ করেছেন, ফুটবলের মাঠ কেবল বিনিয়োগের হিসাব দিয়ে চলে না।

গত রাতে সেমিফাইনালে মুখোমুখি হওয়া ফ্রান্স ও স্পেন লড়াইটি ছিল বিশ্বকাপের সবচেয়ে ‘দামি’ ম্যাচ, যেখানে দুই দলের মিলিত বাজারমূল্য প্রায় ৩৯ হাজার ৩০ কোটি টাকা। ফ্রান্সের স্কোয়াড ভ্যালু ১.৭৩২ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৬৫৫ কোটি টাকা এবং স্পেনের ১.৩৯০ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৩৭৫ কোটি টাকা। স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল ২২৮ মিলিয়ন ডলার বা ২,৮৫০ কোটি টাকা মূল্যের সঙ্গে তালিকার শীর্ষে রয়েছেন, আর ফ্রান্সের এমবাপ্পের মূল্য ২০৫.২ মিলিয়ন ডলার বা ২,৫৬৫ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত