রাস্তার কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে 

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো কাজ সম্পন্ন না করেই এডিপি প্রকল্পের প্রায় ১০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির আওতায় ‘উপজেলা পরিষদের অভ্যন্তরীণ রাস্তা মেরামত’ নামে একটি প্রকল্প অনুমোদন করা হয়। নথিপত্র অনুযায়ী, কাজটি মির্জাপুর উপজেলার মহেড়া এলাকার মেসার্স জামান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, বাস্তবে উপজেলা পরিষদের অভ্যন্তরে এ প্রকল্পের কোনো কাজ হয়নি। এরপরও প্রকল্পটির বিপরীতে প্রথম ও চূড়ান্ত বিল হিসেবে ৯ লাখ ৯৮ হাজার ৮৮৬ টাকা উত্তোলন করা হয়েছে।  

সরকারি নথি অনুযায়ী, বিল প্রদানের তারিখ ২৭ জুন ২০২৬, বিল নম্বর ৬৪, টোকেন নম্বর ০৪৪৩৮২ এবং বিল গ্রহীতা মেসার্স জামান এন্টারপ্রাইজ।

বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিল পরিশোধের বিষয়টি অস্বীকার করেন। পরে বিল নম্বর ও টোকেন নম্বর জানানো হলে তিনি বলেন, “আমি এখন বাসায় আছি, আপনি অফিসে আসেন। না জেনে কথা বলা ঠিক হবে না।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বিল উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, জুন ক্লোজিং এর কারণে বিল উত্তোলন করে টাকা জমা রাখা হয়েছে, ঠিকাদারকে এখনও পরিশোধ করা হয়নি। দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে।

তবে সরকারি আর্থিক বিধি অনুযায়ী, কাজ সম্পন্ন না করে কিংবা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ছাড়া সরকারি বিলের অর্থ উত্তোলন ও সংরক্ষণের সুযোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী হিসেবে এস. এম. 

কামরুজ্জামানের নাম জানা গেলেও প্রতিষ্ঠানের কোনো কার্যকর যোগাযোগ নম্বর বা ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত