টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারকে (৯) অপহরণের পর হত্যা এবং মরদেহ গুমের চেষ্টার আলোচিত মামলায় সাব্বির মিয়া (২১) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণ, মুক্তিপণের উদ্দেশে অবৈধভাবে আটক রাখা এবং আলামত নষ্টের অভিযোগে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সখীপুর উপজেলার বাসিন্দা সামিয়া আক্তার অপহরণের শিকার হয়। পরে তাকে হত্যা করে ধানক্ষেতের একটি ড্রেনে মরদেহ গুমের চেষ্টা করা হয়। ঘটনার পর শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
ঘটনার তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সাব্বির মিয়াকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেন।
আদালতের এ রায়ের মাধ্যমে সখীপুরের বহুল আলোচিত শিশু অপহরণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।