ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাসে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় দুই শিক্ষার্থী ও বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন শিক্ষার্থী। দুর্ঘটনার পর গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে দায়িত্বে থাকা গেটম্যান ও এক সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়। এ সময় স্কুল বাসটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে নিমতিতা-কাটোয়াগামী আরেকটি যাত্রীবাহী ট্রেন এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ধ্বংসাবশেষ রেললাইনের ওপর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, রেলওয়ে ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে শিক্ষার্থী বহনকারী বাসটি রেললাইন অতিক্রম করার সময় একটি লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। গেটম্যানের অবহেলার অভিযোগও তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এ দুর্ঘটনার জন্য গেটম্যানের অবহেলাকেই দায়ী করেন।