জুলাই গণহত্যার বিচার দাবিতে কফিন মিছিল

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ এএম

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে কফিন মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যান্টিন, মলচত্বর ও ভিসিচত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, আমাদের মধ্যে আদর্শিক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে আমরা এক আছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের (আওয়ামীপন্থি) নীল দলের সব শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে। আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছিÑ যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে পড়ানোর সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে যেসব ছাত্রলীগ সন্ত্রাসী হামলা করেছিল, তাদের সবার সনদ ও ছাত্রত্ব বাতিল করতে হবে।

সমাবেশে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাইকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; হৃদয়ে ধারণ করতে হবে। আর জুলাইকে ধারণ করার অর্থ হলো গত দেড় দশকের বেশি সময় চালানো নির্মম নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণের ইতিহাসকে স্মরণ রাখা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কফিন মিছিল দৃঢ় অবস্থান নেওয়া।

সমাবেশে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, আমরা বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুলাই নিয়ে কোনো বিচারহীনতা চলবে না। ইতিমধ্যে গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে, দ্বিতীয়বার আর কোনো প্রতারণার সুযোগ দেওয়া হবে না। তিনি অবিলম্বে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত