জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন: নাহিদ ইসলাম

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে এবং প্রয়োজনে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হবে তার দল।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত তাদের দল হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এমন কর্মসূচি দেওয়া হতে পারে। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতি সরকারই ক্রমশ সেই দিকে ঠেলে দিচ্ছে।

সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। তার দাবি, গণভোটে বিপুলসংখ্যক মানুষ জুলাই সনদের পক্ষে মত দিলেও সরকার এখন পর্যন্ত তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি।

বক্তব্যে নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি জনপ্রিয় স্লোগান ছিল ‘নাটক কম করো প্রিয়’। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, জনগণের দেওয়া ক্ষমতার অপব্যবহার না করে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।

বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের আন্দোলনের কথা বলা হলেও ক্ষমতায় আসার পর বিএনপি তাদের পূর্বঘোষিত অনেক প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। সংবিধান সংস্কার, ৩১ দফা এবং রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো এখন আর সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, সংবিধান সংশোধনের নামে কোনো প্রহসন দেশের মানুষ মেনে নেবে না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংস্কার ও গণভোটের রায়কে সম্মান জানাতে হবে।

সরকারের কর্মসংস্থান প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী ইশতেহারে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, দলীয় নেতাকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।

বরিশালের উন্নয়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১দলীয় জোটের বিভিন্ন শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত