নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি, মূলহোতা আপন ভাতিজা 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ভুক্তভোগী পরিবারেরই এক সদস্য—চাচার আপন ভাতিজা। তবে অভিযুক্ত ওই ভাতিজা এখনও পলাতক রয়েছেন।

রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার আব্বাসনগর তালতলা এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজকুমার (২৬), জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহিন আলম (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের বাড়িতে ৭-৮ জনের একটি দল ডিবি পুলিশের পরিচয়ে প্রবেশ করে। তারা বাড়িতে থাকা নারী, শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের গরু বাঁধার রশি দিয়ে হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। 

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের এক সদস্য কোনোভাবে বাঁধন খুলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ডাকাতদের নিয়ে যাওয়া একটি মোবাইল ফোনের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় আব্বাসনগর তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আব্দুল ওয়াদুদের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তারই আপন ভাতিজা রামিম। তিনি ঢাকা থেকে ৭-৮ জনকে বিয়ের অনুষ্ঠানে কাজের কথা বলে জনপ্রতি ৫ হাজার টাকায় ভাড়া করে এনে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া একটি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ভুক্তভোগীর আপন ভাতিজা রামিমই ডাকাতির মূল পরিকল্পনাকারী। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত