আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফতি মেঙ্কের একটি ফেসবুক পোস্ট নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আজ (১৯ জুলাই) বিকেলে তিনি ফেসবুকে ইংলিশে লিখেন- ‘Spain!’।
আজ মধ্যরাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের আগে এমন পোস্ট দেওয়ায় তিনি স্পেনকে সমর্থন করছেন বলে ধারণা করছেন নেটিজেনরা।
কোনো ব্যাখ্যা বা অতিরিক্ত মন্তব্য ছাড়া প্রকাশিত এই পোস্টকে ঘিরে তার কমেন্ট বক্সে বিভিন্ন দেশের অনুসারীরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।
মুফতি মেঙ্ক কোরআন ও সুন্নাহভিত্তিক সহজ, ভারসাম্যপূর্ণ ও প্রেরণাদায়ক বক্তব্যের জন্য মুসলিম বিশ্বে ব্যাপক পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার কোটি কোটি অনুসারী রয়েছে। সমসাময়িক বিষয়কে ইসলামের আলোকে সহজ ভাষায় উপস্থাপন, যুবসমাজকে উদ্বুদ্ধ করা এবং পারিবারিক ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার কারণে তিনি বিশ্বব্যাপী প্রভাবশালী ইসলামি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বর্তমানে তিনি জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার পোস্টে মন্তব্য করে মুফতি মহিউদ্দিন কাসেমি লিখেছেন, ‘আপনি একজন বিশিষ্ট ইসলামিক স্কলার। এ ধরনের পোস্ট প্রকাশ করা আপনার জন্য শোভনীয় নয়।’
আব্দুর রহমান নামের একজন অনুসারী লিখেছেন, ‘আসসালামু আলাইকুম মুফতি সাহেব! আপনি কেন স্পেনকে সমর্থন করছেন, সেটি জানতে আগ্রহী। এর পেছনে যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে, অনুগ্রহ করে তা জানাবেন। তাহলে আপনার অনুসারীরা আপনার দৃষ্টিভঙ্গি আরও ভালোভাবে বুঝতে পারবেন।’
বুয়াজ্জা সামির প্রশ্ন তুলেছেন, ‘স্পেন কিংবা আর্জেন্টিনা, এর মধ্যে পার্থক্য কী?’
সুলাইমান এ. মুয়াজু তার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘এ ধরনের বিষয় ফেতনার কারণ হতে পারে।’
কমরুল হাসান মন্তব্য করেছেন, ‘শায়খ, আপনি কি এভাবে জুয়াকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করতে চাইছেন?’
অন্যদিকে সাইফুল আলম আসিফ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে লিখেছেন, ‘আমার কাছে মনে হয়, এখানে খেলা উদ্দেশ্য নয়। বরং ইসরায়েলবিরোধী অবস্থান ও ঘৃণা প্রকাশ করাই উদ্দেশ্য।’
হাজি ওয়ালি মোহাম্মদ দীর্ঘ এক আরবি মন্তব্যে মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে দুনিয়াবিমুখ হওয়ার আহ্বান জানান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, উম্মাহর দুঃখ-কষ্টের সময় মেসি ও রোনালদো নিয়ে ব্যস্ত না থেকে মুসলমানদের উচিত ধর্ম ও উম্মাহর কল্যাণে মনোযোগী হওয়া।
সাদিক উর রহমানও কড়া সমালোচনা করে লিখেছেন, ‘আপনার মতো মুফতিরাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ফেতনা।’
তবে মুফতি মেঙ্ক তার ‘Spain!’ পোস্টের উদ্দেশ্য বা প্রেক্ষাপট সম্পর্কে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি। ফলে পোস্টটির প্রকৃত অর্থ নিয়ে তার অনুসারীদের মধ্যে আলোচনা ও জল্পনা অব্যাহত রয়েছে।
৫ লাখ মুসলিমের দেশ আর্জেন্টিনা
কেন বিশ্বচ্যাম্পিয়নরা আসল ট্রফি পায় না?