বিজয়নগরে তুচ্ছ ঘটনায় হত্যার অভিযোগ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাঁসের বাচ্চা বিক্রিকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে দুধ মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী, নিহত মোহাম্মদ আলীর কাছে ৬টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাচ্চাগুলো বাড়িতে নেওয়ার পর দুটি মারা যায়। সোমবার সকালে মোহাম্মদ আলী ও তার স্ত্রী গ্রামের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে অবশিষ্ট বাচ্চাগুলো ফেরত দিতে আসেন এবং টাকা ফেরত চান।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুধ মিয়া তার বসতঘর থেকে লাঠি এনে মোহাম্মদ আলীর কোমরে আঘাত করেন। পরবর্তীতে দুধ মিয়ার স্ত্রী লাঠি নিয়ে তাঁর মাথা ও ঘাড়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাঁসের বাচ্চা নিয়ে ঝামেলার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত