শ্যামনগরে বিক্ষোভ

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’, ‘হই হই রই রই, বট বাহিনী গেলি কই’, ‘শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা’ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল সাতক্ষীরার শ্যামনগর। জানা গেছে,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক  ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা শ্যামনগরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। এসময় তারা নানান ধরণের প্রতিবাদী স্লোগান দেন।

আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় শ্যামনগর বাজার থেকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’, ‘হই হই রই রই, বট বাহিনী গেলি কই’, ‘শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা’ সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া রফিকুল ইসলাম বলেন, জামায়াত নেতা গাজী নজরুল জাতীয় সংসদকেই অপমানিত করেছে। এই লোক সংসদ সদস্য পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

হাফিজা বেগম বলেন, আমাদের কাছ থেকে ভোট নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা চাই।

নাগরিক নেতা আশেক ই এলাহী মুন্না বলেন, প্রথমে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছিল। পরে একের পর এক ভিডিও প্রকাশের পর সেই দাবি আর শোনা যায় নি। এরপর সংসদ সদস্য নিজেই ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। পরে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একটি বাড়িতে স্থানীয়দের হাতে ধরা পড়তে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে শ্যামনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারের কাছে দাবি জানাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হোক।”

মহসিনা আক্তার বলেন, এই জামায়াতে ইসলামীর কাছে নারী ও মাদ্রাসার শিশুরা নিরাপদ নয়। আবারও প্রমাণিত হবে তাদের কাছে গোটা বাংলাদেশ অনিরাপদ।

নাগরিক নেতা অধ্যক্ষ আবু সাইদ বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করেছিল, সেই প্রত্যাশা ভেঙে গেছে। শ্যামনগরের মানুষের সম্মান কোনো ব্যক্তি বা দলের চেয়ে বড়। তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন নুরজাহান পারভীন ঝর্ণা। তিনি বলেন, আমরা নারীদের নিরাপত্তা চাই। বড় বড় কথা বললেই হবে না, নারীদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

গাজী নজরুলের গ্রামের বাড়ি গাবুরা ইউনিয়ন থেকে আসা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল ইসলাম বলেন, গাজী নজরুল আগা গোড়াই তিনি নীতি বিবর্জিত দুর্নীতিগ্রস্থ মানুষ।

সমাবেশে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসালম বলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল, কিন্তু আজ তারা প্রতারিত বোধ করছে। আমরা নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা চাই।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সমাবেশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এমপির দলীয় কার্যালয়ে গেলেও তারা কোন দায়িত্ব নিয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত