নতুন তিনটিসহ ৮ প্রকল্প একনেকে অনুমোদন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত। গতকাল বুধবার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এসব প্রকল্প অনুমোদন করেন। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের জানান, একনেকে উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সব প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে মেঘনা নদীর ভাঙনরোধ প্রকল্পটি আরও কিছু পর্যালোচনা ও সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে।

প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে তদন্তের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, অতিরিক্ত ব্যয় ও অপচয়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় নিয়ে আসার। প্রকল্পে যাদের তদন্তে অনিয়ম বা দায়িত্বহীনতার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধিত), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প; পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প; দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধিত); ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত); বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (তৃতীয় সংশোধিত); একটি মূল্যায়নসহ উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং দুটি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন প্রকল্প; মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়। সেগুলো হলো : জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন; বরিশালে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন; সিরাজগঞ্জ ও পিরোজপুর অঞ্চলের সড়ক উন্নয়ন; ভুঞাপুর লিংক সড়ক নির্মাণ; রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়ন; পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক সম্প্রসারণ; গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর ও যশোরে বিটাকের ছয়টি কেন্দ্র স্থাপনের প্রকল্প; রংপুর বিভাগে মৎস্যসম্পদের উন্নয়ন এবং বরিশাল বিভাগের সরকারি খামারের উৎপাদন বৃদ্ধি প্রকল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত