রাজধানীর কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। একইসঙ্গে দুই থানার বর্তমান ওসিদের ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, কাফরুল থানার বর্তমান ওসি মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার বর্তমান ওসি মো. আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাষানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
ডিএমপির কার্যালয় আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।