যুবদলের ভূমিকা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

দেশ গঠনে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সংগঠনের কাজ না করে শুধু পদ-পদবি নিয়ে যারা ব্যস্ত থাকেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এমন নেতাকর্মীদের বিএনপিতে জায়গা হবে না।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের সব আন্দোলন-সংগ্রাম এবং দেশ গঠনে যুবদলের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সংগঠনকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের যুবসমাজের কাছে যেতে হবে। প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে দেশ গঠনে মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানাতে হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী দল যেভাবে অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, সে বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। গুজব ও মব সৃষ্টির অপচেষ্টা রুখতে যুবদলকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওই নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছিল। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেন বিএনপির কোনো জনসমর্থন নেই এবং সব ভোটার একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে আগ্রহী। তবে নির্বাচনের দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের চেয়েও বেশি ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী জয়ী হন। গুজব ও মবতন্ত্রের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে যুবদলকে কাজ করার আহ্বান জানান তিনি।

সংগঠনের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গ তুলে ফরহাদ হোসেন আজাদ বলেন, সাংগঠনিক ব্যর্থতার কারণে বোদা পৌরসভাসহ তিনটি ইউনিয়ন যুবদলের কমিটি বাতিল করা হয়েছে। সাংগঠনিক দুর্বলতার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের আট মাসের কর্মকাণ্ড মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সরকারি উন্নয়ন কার্যক্রম দলীয় বিবেচনায় নয়, বরং প্রাপ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়াই বিএনপির নেতাকর্মীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

বোদা উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহি কুদরত সাগরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব সোহেল রানা। এতে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ পৌরসভা ও ১০টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত