১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

সাভারে নির্মিত বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দীর্ঘদিন ধরে নির্মাণের পরও কার্যক্রম শুরু না হওয়া প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় জনগণের অর্থের অপচয়, দুর্নীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি অবহেলার কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাভারের বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর একটি উদাহরণ।

তিনি বলেন, চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য নির্মিত প্রতিষ্ঠানটির প্রশাসনিক অনুমোদন এখনো সম্পন্ন হয়নি। দ্রুত এ অনুমোদন সম্পন্ন করতে সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি চালু হলে চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং হাসপাতালগুলোর ব্যবস্থাপনার মান উন্নয়নে কাজ করা হবে। এর মাধ্যমে রোগীরা যেন উন্নত সেবা পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ডেঙ্গু চিকিৎসায় নতুন করে দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা সারা দেশে কাজ করছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় তিন মাস আগেই পরিকল্পনা নেওয়ায় এবার কিটের কোনো সংকট নেই। হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু কিটের সরবরাহ রাখা হয়েছে।

এ সময়  উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত